হরেক স্বাদের স্যুপ
আবহাওয়া পরিবর্তনে আমাদের শরীরে দেখা দেয় নানা রোগের উপসর্গ। এই সময়ে আপনার রেসপিরেটরি সিস্টেমকে আরাম দিতে পারে এক বাটি গরম স্যুপ, যার রয়েছে খাদ্য উপকারিতাও। কারণ স্যুপের উপকরণগুলো খুবই স্বাস্থকর। তবে এই ঝোলটির প্রধান উপকরণ হলো কর্নফ্লাওয়ার, যা অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত হওয়ার ফলে এতে পুষ্টিগুণ প্রায় শূন্য পর্যায়ে চলে যায়। প্রশ্ন করতে পারেন এটির বিকল্প স্যুপ হবে কিভাবে? হ্যাঁ, তা জানাতেই তো আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

মিষ্টি কুমড়োর স্যুপ
উপকরণ: পাকা লাল মিষ্টি কুমড়োর ৪ ভাগের ভাগ সেদ্ধ করে পিষে নেওয়া, মুরগির সেদ্ধ মাংস হাতে চিড়ে নেওয়া ছোট আধা বাটি, গোল মরিচ কালো-সাদা মিলিয়ে আধা চা চামচ, ভিনেগার ১ ঢাকনা, ধনেপাতা কুচি হাতের ১ মুঠো, পেঁয়াজ বাটা মাঝারি ১টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ ও পানি আধা লিটার।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ রসুন আদা বাটা তেল হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে একটু ঘন হলেই মিষ্টি কুমড়োর স্যুপ তৈরি।
মিষ্টি আলুর স্যুপ
উপকরণ: মিষ্টি আলু ২টি বড় সেদ্ধ করে পিষে নেওয়া, ফেটানো ডিম ১টি, হলুদ গুঁড়ো এক চিমটি রঙের জন্য, গোল মরিচ কালো-সাদা মিলিয়ে আধা চা চামচ, ধনেপাতা কুচি হাতের ১ মুঠো, পেঁয়াজ বাটা ১টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, তেঁতুলের মাড় ছোট আধা কাপ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ ও পানি আধা লিটার।
প্রস্তুত প্রণালী : পেঁয়াজ রসুন আদা বাটা তেলে হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে একটু ঘন হলেই মিষ্টি আলুর স্যুপ তৈরি।
মাছের স্যুপ
উপকরণ: মাছ ১ পিস বা ছোট চিংড়ি খোসাবিহীন ৬পিস, গাজর, বাঁধাকপি, বরবটি কুচি করা ১ বাটি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি হাতের ১ মুঠো, ভিনেগার ১ ঢাকনা, লবণ আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ ও ১ চা চামচ পোলাওয়ের চালের গুঁড়ো সঙ্গে অল্প পানি মিশিয়ে পাশে রাখুন।
প্রস্তুত প্রণালী: মাছ, রসুন আদা বাটা তেল হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে একটু ঘন হলেই মাছের স্যুপ তৈরি।
মুরগির স্যুপ
উপকরণ: মুরগির সেদ্ধ মাংস হাতে চিড়ে নেওয়া ছোট আধা বাটি, গোল মরিচ কালো-সাদা মিলিয়ে আধা চা চামচ, পেঁয়াজ পাতা কুচি ১ মুঠো, ধনেপাতা কুচি হাতের ১ মুঠো, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ ঢাকনা, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি ১ লিটার ও ২ চা চামচ পোলাওয়ের চালের গুঁড়োর সঙ্গে অল্প পানি মিশিয়ে পাশে রাখুন।
প্রস্তুত প্রণালী: রসুন আদা বাটা তেল হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে একটু ঘন হলেই মুরগির স্যুপ তৈরি।
"








































