সুস্বাদু খিচুড়ি
খিচুড়ি ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকার এক অন্যতম অনুষঙ্গ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপকরণে রান্না হয় খিচুড়ি। তবে কি আছে খিচুড়ি তে? চাল কার্বোহাইড্রেটের বড় উৎস যা দেহে শক্তির জোগান দেয়। অপর দিকে ডাল আমিষ এবং ফাইবারযুক্ত, হজম ক্রিয়ায় সহায়তা, সেই সঙ্গে হৃদপি- সুস্থতা। ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন নিয়মিত কিন্তু পরিমিত। আর রাতে বাদ দিলেই ভালো। হ্যাঁ, ওজন বাড়ার পুরো দোষটুকুও ডাল, চালের। আসলে সমস্যা হল আপনি কি পরিমাণে খাচ্ছেন? পেট ভরে খেলে তো ওজন বাড়বেই। তাই দিনে ছোট এক বাটির বেশি নয়। সুস্বাদু খিচুড়ি নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

নারকেলি মোরগ খিচুড়ি
খিচুড়ি : আতপ চাল আধা কেজি, মসুর ডাল ১ পাওয়া, হলুদ গুঁড়া ৩ চিমটি, লবণ ১চা চামচ, তেল ২ টেবিল চামচ, পানি মধ্যমা আঙুলে প্রথম দাগের একটু বেশি দিয়ে ভাত রেঁধে নিন।
নারকেলি মোরগ : ৮ টেবিল চামচ গরম তেলে পেঁয়াজ বড় ১টি, রসুন ৩ কোয়া কুচি ভুনে, মুরগীর বুকের মাংস ৪ পিজ টুকরো করে কাঁটা, হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া আধা চা চামচ করে, নারকেল কোরানো ২ মুঠো, কাঁচা মরিচ গোটা ১০টি, লবণ ১ চা চামচ ও ২ কাপ পানি দিয়ে একদম শুকনো করে রেঁধে ফেলুন।
প্রস্তুত প্রণালি : বাসনের একপাশে খিচুড়ি অপরপাশে শুকনো মাংস সাজিয়ে অথবা খিচুড়ির সাথে মাংস মেখে দিলই নারকেলি মোরগ খিচুড়ি তৈরি।
ভুনো খিচুড়ি
উপকরণ : চিনি গুড়া চাল ১ পট, লবণ ১ চা চামচ, গরম করা তেল ৬ টেবিল চামচ, তেজপাতা ৪টি, পানি মধ্যমা আঙুলির প্রথম দাগ পর্যন্ত। সারারাত ভেজানো আধা কাপ চনার ডাল সেদ্ধ করে নিন। মুগডাল ও মসুর ডাল ১ কাপ একত্রে ১৫ মিনিটি সেদ্ধ করুন। সবকটি ডালের পানি ঝড়িয়ে, ছোট ডেকচিতে ১০ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি বড় ১টি ভুনে, ডালগুলো ভুনে নিন। এবার সব উপকরণ একত্রে দিয়ে, পানি ফুটে এলে একেবারে মৃদু আঁচে রেখে ৩০মিনিট অপেক্ষা করলেই ভুনো খিচুড়ি তৈরি।
বাহারি খিচুড়ি
উপকরণ : চিনি গুড়া চাল ২ কাপ, মসুর ডাল আধা কাপ, লবণ ১ চা চামচ, তেল ৬ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চিমটি, গাজর, কাঁকরোল, মিষ্টি কুমড়ো ও আলু পাতলা করে কাঁটা প্রতিটি ৬ টুকরো করে ও কাঁচামরিচ গোটা ৫ টি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একত্রে ছোট ডেকচিতে নিয়ে, মধ্যমা আঙুলি সোজা করে রেখে প্রথম দাগ পর্যন্ত পানি দিয়ে চুলোয় বসিয়ে ৩০ মিনিট মৃদু আঁচে রাখলেই বাহারি খিচুড়ি তৈরি।
শুঁটকির খিচুড়ি
উপকরণ : আতপ চাল ২ কাপ, মসুর ডাল ১ কাপ, সরিষার তেল ৬ টেবিল চামচ, হলুদ গুঁড়া ৪ চিমটি, ছুরি শুটকি ৮ টুকরো (সেদ্ধ করে কাঁটা ছড়ানো), লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : তেলে শুটকি হালকা ভুনে সব উপকরণ একত্রে দিয়ে, ভাতের পানি ফুটে এলে ২০ মিনিট মৃদু আঁচে দমে দিলেই শুটকির খিচুড়ি তৈরি।
"









































