মুরগি ভুনা
সমাজের প্রতিটি মানুষই নানা কাজে ব্যস্ত। ফলে বেশিরভাগ সময় তাদের খেতে হয় হোটেল রেস্তোরাঁয়। কিন্তু সেসব খাবার কতটা স্বাস্থ্যকর তা নিয়ে থাকে নানা প্রশ্ন। তবে শত ব্যস্ততার মধ্যেও অনেকেই বাড়িতে খেতে পছন্দ করেন। তাদের জন্যই মুরগি ভুনা নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

মুরগির কালো ভুনা
উপকরণ : মুরগির মাংস ১২ পিস, পেঁয়াজ ১টি, রসুন ৪ কোয়া, আদা বড় ১ টুকরো একত্রে ব্লেন্ডারে পিষা, তেল ৬ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, ধনেগুঁড়ো, জিরে ও গরম মসলা গুঁড়ো ১ চা চামচ করে, পানি ১ কাপ ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ হাতে একত্রে মেখে চুলোর আঁচ কমিয়ে বসিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ করুন। ঝোল শুকিয়ে গেলে, একটি লোহার হাতল/চিকন ছুরি/কাঁটা চামচে মাংস একপাশ গেথে, সরাসরি আগুনে একে একে কালো করে ভুনে নিলেই মুরগির কালোভুনা তৈরি।
বেসন ভুনা
উপকরণ : মুরগির মাংস ১২ পিস, পেঁয়াজ ১টি, রসুন ৪ কোয়া, আদা বড় ১ টুকরো গ্রেট করা, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, ধনেগুঁড়ো, জিরে ও গরম মসলাগুঁড়ো ১ চা চামচ করে, বেসন হাতের ৬ মুঠো, পানি ১ মুঠো ও লবণ দেড় চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ হাতে একত্রে মেখে, খুব গরম ডুবু তেলে বাদামি করে ভুনে নিলেই বেসনভুনা তৈরি।
ঝাল ভুনা
উপকরণ : মুরগির মাংস ১২ পিস, পেঁয়াজ ১টি, রসুন ৪ কোয়া, আদা বড় ১ টুকরো গ্রেট করা, বেসন হাতের ৪ মুঠো, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, ১ চা চামচ আস্ত কালো গোলমরিচ ও ১টি জয়ফল হামিদিস্তার দাটি দিয়ে গুঁড়ো করে নেওয়া, জিরে ১ চা চামচ ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ হাতে একত্রে মেখে গরম ডুবু তেলে বাদামি করে ভুনে নিলেই ঝালভুনা তৈরি।
চামড়া ভুনা
উপকরণ : চামড়াসহ মুরগির মাংস ১২ পিস, পেঁয়াজ ১টি, রসুন ৪ কোয়া, আদা বড় ১ টুকরো একত্রে ব্লেন্ডারে পিষা, সরিষার তেল ৩ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো, ধনেগুঁড়ো, জিরে ও গরম মসলাগুঁড়ো ১ চা চামচ করে, ২টি গোটা লেবুর রস, চিনি ১ চা চামচ ও লবণ দেড় চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ হাতে একত্রে মেখে সারা রাত নিচের ফ্রিজে রেখে দিন। শেষে গরম ডুবু তেলে কালচে করে ভুনে নিলেই চামড়া ভুনা তৈরি।
"








































