reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

ভারতের জন্য আকাশপথ আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান

ভারতীয় বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান।

শনিবার (১৮ জুলাই) এক নোটিসে এ তথ্য জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি-পিএএ। খবর ফার্স্টপোস্টের।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতীয় নিবন্ধিত কিংবা ভারতীয় এয়ারলাইনস ও অপারেটরদের পরিচালিত বা লিজ নেওয়া কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞাটি করাচি ও লাহোর—পাকিস্তানের দুটি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নেই কার্যকর থাকবে।

২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে উভয় দেশই পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তান ২৪ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে, এরপর কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।

পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানের দাবি, ভারতের হামলার জবাবে তারা ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পরিচালনা করে কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাতের অবসান ঘটে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারতের বিমান চলাচলে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়