হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগেই তিনজন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যেখানে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে শনিবার পর্যন্ত সারা দেশে ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জন ও আক্রান্ত ৬২ হাজার ৭৫ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এদিকে, এ সময়ে নতুন করে ৬৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৩১৮ জন। একই সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৫২৯ জন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।









































