সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক: বিদ্যুৎমন্ত্রী

তাঁতশিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে সিরাজগঞ্জে চালু করা হয়েছে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ দুপুরে সিরাজগঞ্জ শহরের বিড়ালা কুঠিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কেন্দ্র শুধু একটি ভবন নয়, এটি দক্ষ তাঁতি, আধুনিক প্রযুক্তি, উদ্বোধনী নকশা ও নতুন উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গ্রহণ করতে হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তাঁতিদের আরও সহযোগিতা করা হবে এবং তাদের সমস্যা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, তাঁতশিল্পের পাশাপাশি দেশের বন্ধ পাটকল বেসরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি লিজ ব্যবস্থার মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সিরাজগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় জুটমিলও দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এতে পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন ও শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা তাঁতি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়