reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

সহযোগীসহ রাজধানীর‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ৭ দিনের রিমান্ডে

রাজধানীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই এবং সহযোগী পলাতক অজ্ঞাতনামা গুলিবর্ষণকারীসহ অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে তাদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধারে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে হোটেল পূর্বাণী-সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার, দুটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনিতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।

এসময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তার মনোনীত লোককে না নিলে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। চার দিন পর, গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকাকালে তার ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান, ভোরবেলা অজ্ঞাতনামা কে বা কারা তার অফিসে গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়