বিচ্ছিন্ন ঘটনা পুঁজি করে আনসার বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান চালিকাশক্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী অপরাধী চক্র। নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানের দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে এবং বাহিনীর সদস্যদের সরলতার সুযোগ নিয়ে কিছু বক্তব্য বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে সব ধরনের নেতিবাচক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ও আপোসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।
অপপ্রচার ডিঙিয়ে বাড়ছে গণ-আস্থা : অনাকাঙ্ক্ষিত এসব প্রোপাগান্ডা সত্ত্বেও মাঠপর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠা এবং পেশাদারিত্বে কোনো চির ধরেনি। অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান ও আন্তরিক সেবার ফলে সাধারণ মানুষের মাঝে বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর বড় প্রমাণ হিসেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সবকটি স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদী নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দিয়েছে। সম্প্রতি একটি ভাইরাল পডকাস্টে বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দায়িত্ব পালনে গভীর সন্তোষ প্রকাশ করেন।
বাগাতিপাড়া হাসপাতালের আসল ঘটনা : অনুসন্ধানে জানা যায়, গত ১২ জুলাই নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত স্থানে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এক ব্যক্তির মোটরসাইকেল রাখা নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে। দায়িত্বরত আনসার সদস্য নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখতে বললে ওই ব্যক্তি তা অমান্য করে জবরদস্তিমূলকভাবে গাড়িটি রেখে চলে যান। পরবর্তীতে ফিরে এসে তিনি ক্ষিপ্ত হন এবং নিজেকে হাসপাতালের ভুয়া স্টাফ পরিচয় দিয়ে আনসার সদস্যকে হুমকি দেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এবং অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হয়।
নেপথ্যে অপরাধী চক্র ও ভিউ ব্যবসায়ী: চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫০০টি উপজেলায় বর্তমানে ৫,০০০ আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। তারা দিনরাত হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও হাসপাতালের দালাল চক্র। এই স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কিছু কথিত ভিউ ব্যবসায়ী এবং অনুমোদনহীন স্থানীয় গণমাধ্যম একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডা চালাচ্ছে।
অদম্য অঙ্গীকার : মূল ঘটনাকে আড়াল করে স্বার্থান্বেষী মহলের চালানো এই অপচেষ্টা সাধারণ মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। হাসপাতাল, চিকিৎসক ও সেবাগ্রহীতাদের সুরক্ষা নিশ্চিত করাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে কোনো মিথ্যাচারই জনগণের আস্থা দমাতে পারেনি। সব ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গণমানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
পিডিএস/এমএইউ









































