ইবি প্রতিনিধি
ইবিতে শহিদ সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ প্ল্যাটফর্মের উদ্যোগে ‘স্মরণে শহিদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা: পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সাজিদ আব্দুল্লাহর স্মরণে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি, তার প্রতিষ্ঠিত সংগঠন ‘মেহফিল’-এর আয়োজনে কাওয়ালি পরিবেশন এবং তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে সাজিদের জীবনের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয় এবং সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিচার ও শাস্তির দাবি: আয়োজকেরা জানান, সাজিদ আব্দুল্লাহর স্মৃতিকে ধরে রাখা, তার রুহের মাগফিরাত কামনা এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তারা এ স্মরণসভার আয়োজন করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার বিষয়টি প্রমাণিত হয়। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।
পিডিএস/এমএইউ









































