ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০২৬

ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে না করে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মাঝামাঝি কোনো যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বারৈয়ারহাট-খাগড়াছড়ি ও গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেন স্থানীয়রা। এর মধ্যে হেঁয়াকো, করিলা তাকিয়া, বালুটিলা, দাঁতমারা, নারায়ণহাট এবং বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় সড়কের ওপর ট্রাক ও অন্যান্য যানবাহন আড়াআড়ি করে রেখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে এ হরতাল কর্মসূচিতে অংশ নেন বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হরতালের কারণে এ অঞ্চলের সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

সমন্বয় পরিষদের নেতারা জানান, "আমরা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছি। আমাদের দাবি একটাই—যৌক্তিক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থাপন করা হোক। ইতিপূর্বে আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদানসহ একাধিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে আমাদের হরতালের মতো কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে।"

এদিকে হরতালের কারণে দূরপাল্লা ও স্থানীয় রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও নিত্যদিনের যাতায়াতকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন ছিল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়