নোয়াখালী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

ছবি : প্রতিদিনের সংবাদ

নোয়াখালীতে সাংবাদিকের মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—হাতিয়া উপজেলার শূন্যের চর এলাকার মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের জাহাঙ্গীর আলম (৩২)। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানা পুলিশ জানায়, গত ১২ জুলাই রাতে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি হয়। এর দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে এক যুবকের আরেকটি মোটরবাইক চুরি হয়েছিল।

গতকাল শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল মোটরবাইকটি ফেরত দেওয়ার কথা বলে জয়দেবের কাছ থেকে বিকাশে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর তিনি গড়িমসি শুরু করলে জয়দেব কৌশল অবলম্বন করেন। আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে আনেন এবং পুলিশে খবর দেন। পরে সুধারাম মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি মোটরসাইকেলই উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত কয়েক দিনে নোয়াখালী থেকে আরও বেশ কয়েকটি বাইক চুরি করেছে তারা।

ওসি আরও জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় নোয়াখালী আদালতে পাঠানো হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়