রংপুর ব্যুরো
রংপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ: প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন হলেও বসতবাড়ি নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের বৃক্ষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।"
সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা উদ্যোগ গ্রহণ করেছে। গাছ ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই বর্ষাকালে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।"
শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এবং রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক ও সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়।
মেলা চলবে ১৫ দিন: আয়োজকরা জানিয়েছেন, ১৫ দিনব্যাপী এই বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি নার্সারি, বন ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের মোট ৬৫টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
পিডিএস/এমএইউ









































