তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তারাগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে মামলা, আসামি পলাতক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৯) প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁড়ুভাঁজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুই সন্তানের জনক মাহাবুল ইসলাম (৩২) কৌশলে আত্মগোপন করেছেন।
প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে নির্যাতন : মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মাহাবুল ইসলাম শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটি নিজ বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিতে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পুরো ঘটনাটি প্রকাশ পায়।
থানায় মামলা ও পুলিশি অভিযান: এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত মাহাবুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান ও জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
পিডিএস/এমএইউ









































