ঠাকুরগাঁও প্রতিনিধি

  ৫৮ মিনিট আগে

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে রাণীশংকৈল উপজেলা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুফাতো বোন সিমা বেগম (৩২)। সিমা একই উপজেলার শনিউল্লাহ ওরফে সালামের স্ত্রী।

শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

সোনার কলসি ও নকল মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা: পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল, সোনার কলসি ও বিদেশি রুপার মুদ্রা দেওয়ার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক সময় মালামাল নিতে আসা ব্যক্তিদের আটকে রেখে টাকা-পয়সাও লুট করত তারা। সম্প্রতি এই চক্রের শিকার এক ভুক্তভোগীর অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

মাটির নিচে মিলল নকল মূর্তি ও মুদ্রা: অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শয়নকক্ষের বারান্দার চুলার পূর্ব পাশে মাটি খুঁড়ে একটি দস্তার কলস উদ্ধার করা হয়। পিতলের মতো দেখতে দেড় কেজি ওজনের ওই কলসের ভেতর থেকে স্বর্ণের মতো দেখতে সোনালী রঙের ৬টি নকল গোপাল মূর্তি এবং ৫টি সাদা রঙের জাল বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিংকালে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) টি এম গোলাম রসুলসহ ডিবির সদস্যবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়