reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীতে কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসে (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) সাইদুল ইসলাম (২১) নামে পুলিশের এক কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে পুলিশ লাইনসের বহুতল ভবনের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুলিশ ও পরিবার বলছে, ঘটনাটি আত্মহত্যাজনিত।

মৃত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। মাত্র ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।

পুলিশের ডেমরা অঞ্চলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে অন্তত পাঁচজন সদস্য থাকেন। অন্যরা বাইরে ডিউটিতে থাকলেও সাইদুল কক্ষের ভেতর একা ছিলেন। এক সদস্য বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে দেখতে পান, কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো। তিনিসহ ওই তলার অন্য সদস্যরা ঘটনাটি ডেমরা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে সাইদুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে সাইদুলের চাচা মো. সোহাগ সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জেরে সাইদুল কিছুদিন ধরে চরম বিষণ্নতায় ভুগছিলেন। গতরাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনের সপ্তম তলায় নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেন। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, সাইদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়