‘ঐতিহাসিক’ সবুজ জার্সি পরেই মাঠে নামবেন মার্তিনেস

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নিজেদের চিরচেনা হোম জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-আকাশি ডোরাকাটা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজাই পরবেন লিওনেল মেসিরা।
চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই এই জার্সিতে খেলেছে আর্জেন্টিনা। শুধু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে বিকল্প জার্সি পরেছিল আলবিসেলেস্তেরা। এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও বিকল্প জার্সিতে খেলেছিল লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে আলজেরিয়া, কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে হোম জার্সিতেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ফাইনালেও সেই সৌভাগ্য বয়ে আনা জার্সিতেই খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গোলবারের নিচে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ গোলকিপার কিটে। ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২১ কোপা আমেরিকার ফাইনালেও একই রঙের কিটে খেলেছিলেন তিনি। সেই তিন টুর্নামেন্টেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, তাই সবুজ কিটটিকে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখছেন।
অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প জার্সিতে খেলা স্পেন ফাইনালে ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী হোম কিটে। লাল জার্সির সঙ্গে নীল হাতা ও হলুদ নকশার সেই পরিচিত পোশাকেই শিরোপার লড়াইয়ে নামবে লা রোহা।









































