ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র

কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকা ঘাঁটি এবং ইসরায়েল-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরা।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে স্থাপনাটিতে আগুন লাগে এবং অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত এবং পুনরায় চালুর কাজ করছে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
পরিস্থিতির কারণে নাগরিক ও বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকা ঘাঁটি এবং ইসরায়েল-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
তাদের দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি আরো জানিয়েছে, এসব হামলায় অনেক বিপ্লববিরোধী ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আইআরজিসি জর্ডানে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমানেও হামলা চালিয়েছে। তবে এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির দিকে ছোড়া ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।









































