শাহ্ আলম খান, চাঁদপুর
আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে এসে জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত 'জুলাই পদযাত্রা' শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি। তাই দ্রুত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া দেশে দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলেছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জনগণ হতাশ ও আহত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আগের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তা বানাব, ব্রিজ করব, কালভার্ট করব, চাকরি দেব এসব কথা সব রাজনৈতিক দলই বলে। প্রায় ৪০টি রাজনৈতিক দলই মানুষের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেশের মূল সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিয়ে কেউ কথা বলে না।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বাংলাদেশ নামের ঘরের উপমা ব্যবহার করেন। তিনি বলেন, বাংলাদেশ নামের বাড়িটির দরজা-জানালা, দেয়াল সব ভেঙে নেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম পুরো ঘরটি সংস্কার করা হোক। কিন্তু নতুন দারোয়ান এসে বললেন, শুধু দারোয়ান বদলালেই হবে, সংস্কার লাগবে না। আমরা সেই ধারণার সঙ্গে একমত নই।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তাঁর ভাষায়, আমরা স্বাধীন পুলিশ কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন ও মানবাধিকার কমিশনের দাবি জানিয়েছিলাম। কিন্তু এগুলোর কোনোটিই বাস্তবায়ন হয়নি। সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে।
পুলিশ প্রশাসনের রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত বলেন, একজন পুলিশ সদস্য সীমিত বেতনে চাকরি করেন। রাজনৈতিক নির্দেশ অমান্য করলে তার চাকরি ঝুঁকিতে পড়ে। তাই এমন একটি স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন, যেখানে অন্যায় নির্দেশ এলে পুলিশ সেটি জানাতে পারবে। পুলিশ কোনো দলের নয় পুলিশ বাংলাদেশের জনগণের।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, যখন গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছিল, তখনও তরুণরা পিছিয়ে যায়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তিত হয়েছে। সেই আত্মত্যাগকে অর্থবহ করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মনে করেছিলাম বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে চায়। কিন্তু এখন মনে হচ্ছে তারা চাঁদাবাজি বন্ধ নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। আগে যারা করত, এখন তারা নিজেরা করতে চায়। আমরা এই রাজনীতি চাই না।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু কাটুক বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কেউ অন্যায় সবার ক্ষেত্রেই অন্যায়। আমরা চাই অবৈধভাবে বালু কাটা বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। ব্যক্তি নয়, অন্যায়ের অবসানই আমাদের লক্ষ্য।
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সব পর্যায়ে নতুন প্রজন্মকে নেতৃত্বে আসতে হবে।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লা পাটওয়ারী ও ইদ্রিস আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আহমেদ, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম।









































