যোগাযোগে নতুন দিগন্ত
দক্ষিণাঞ্চলের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সেতুর এলাকা পরিদর্শনে সেতু সচিব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার গুরুত্বপূর্ণ নদ-নদীর উপর সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য গণের প্রস্তাবিত সেতুসমূহের স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
শনিবার সেতু সচিব ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর উপর প্রস্তাবিত নলছিটি-ষাট পাকিয়া সেতু, পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর উপর ইন্দেরহাট-স্বরূপকাঠি নামক স্থানে প্রস্তাবিত নেছারাবাদ সেতু, আমড়াঝুড়ি-আশোয়া সেতু এবং খুলনা জেলার জেলখানা ঘাট-সেনের বাজার নামক স্থানে ভৈরব নদীর উপর সেতুর সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব এবং প্রকল্প মনিটরিং টিমের আহবায়ক জনাব আলতাফ হোসেন সেখ, তত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ তোফাজ্জল হোসেন সহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, সড়কের জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সওজ খুলনা, স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্থানীয় অংশীজনদের উদ্দেশ্যে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত অভিপ্রায় হলো দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরবচ্ছিন্ন করা। তিনি দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
সেতু সচিব আরও বলেন, এই সেতুগুলো নির্মিত হলে কেবল ইট-পাথরের কাঠামো হবে না, বরং এগুলো এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির সোপান হবে। মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা অত্যন্ত স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রস্তাবিত প্রকল্প গুলো প্রকল্পগুলো বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি।
সচিব, সেতু বিভাগ, আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সেতুগুলো নির্মিত হলে তা জাতীয় অর্থনীতিতে ব্যাপক গতির সঞ্চার করবে এবং এতদঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।
উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি এবং অংশীজনগণ মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সেতুগুলো নির্মিত হলে উপকূলীয় অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।









































