ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ডিবি পরিচয়ে দুই ভাইকে অপহরণ: মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৪

ঢাকার ধামরাইয়ে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে দুই ভাইকে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপরাধে ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে গাজীপুর মহানগরীর গাছা ও বাসনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তাঁর ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস এসে তাদের সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
অপহরণের পর মাইক্রোবাসের ভেতরেই দুই ভাইয়ের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছে থাকা নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রটি। ওই রাতেই আনুমানিক ১০টা ২০ মিনিটে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় একটি ব্রিকস ফিল্ডের সামনে দুই ভাইকে ফেলে রেখে দস্যুরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী সময়ে ঢাকা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাওছার ও জুলফিকারের সমন্বয়ে গঠিত একটি টিম গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পিডিএস/এমএইউ









































