টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের কেন্দ্রে উন্নীত করা হবে : ডা. জাহিদ

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের কেন্দ্রে উন্নীত করা হবে। একই সঙ্গে কেন্দ্রটির ধারণক্ষমতাও বাড়ানো হবে। বর্তমানে আগের তুলনায় শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার এ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এখানে প্রয়োজনীয় ধারণক্ষমতা বাড়ানো হবে, যাতে আরও বেশি শিশুকে সেবা ও পুনর্বাসনের আওতায় আনা যায়।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শিশুদের কয়েদির মতো আটকে রাখা নয়। তাদের সংশোধন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের উপযোগী এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।”

পরিদর্শন শেষে মন্ত্রী শিশু উন্নয়ন কেন্দ্রের নতুন ভবনের নির্মাণকাজের মান এবং শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়