reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন গোপনে ছাত্রীদের ছবি তোলা যুবদল নেতা

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গোপনে দুই ছাত্রীর ছবি তোলার অভিযোগে আটক দেবাশীষ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী উল্লেখ করেন, বটতলায় খাবার খাওয়ার পর তিনি কয়েকজন ছাত্রীর গোপনে ছবি তুলেছিলেন। তিনি এই কাজকে ভুল বলে স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে কারো অনুমতি ছাড়া এ ধরনের ছবি আর তুলবেন না বলে অঙ্গীকার করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা গেছে, দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো নষ্ট করা হয়।

মুচলেকা গ্রহণের সময় ছাত্রদল নেতা সেলিম রেজা সেখানে উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে নিরাপত্তা কার্যালয়ে আনা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে তিনি এবং তার ব্যবহৃত গাড়ি আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবে না বলে অঙ্গীকার করেছেন। এসব শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়