গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
বাঁচতে চায় ২১ মাসের হেনজা: পাশে দাঁড়ানোর আকুতি

হাসি-খুশি শৈশবের বদলে জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় কাটছে ২১ মাস বয়সী শিশু হেনজার দিন। মাত্র চার মাস বয়সে তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে ধরা পড়ে ‘ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি (ডিসিএম)’ নামের একটি অত্যন্ত জটিল ও বিরল হৃদরোগ। চিকিৎসকদের দাবি, বিশ্বে এ পর্যন্ত মাত্র তিনজন শিশুর শরীরে এমন রোগ শনাক্ত হয়েছে।
হেনজা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বাবাড়ীয়া গ্রামের বাসিন্দা আল্লামা ইকবাল তুসার ও আনিকা বিনতে রহমান উপমা দম্পতির একমাত্র কন্যাসন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, রোগ শনাক্তের পর হেনজাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনদের সহযোগিতা ও ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে তাকে ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয়। সেখানে বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাশিরাজের তত্ত্বাবধানে তার চিকিৎসা করানো হয়।
বর্তমানে ঢাকার একটি হাসপাতালে হেনজার চিকিৎসা চলছে। প্রতি মাসে ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা বাবদ খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। অথচ হেনজার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ২০ হাজার টাকা বেতনে চাকরি করেন। সীমিত আয়ের এই বাবার পক্ষে চিকিৎসার বিপুল ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে, অন্যদিকে ঋণের বোঝাও দিন দিন বাড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হেনজাকে দ্রুত আবারও ভারতে নিয়ে বিশেষায়িত চিকিৎসা ও জেনেটিক পরীক্ষা করানো প্রয়োজন। এই দীর্ঘমেয়াদি চিকিৎসায় ভবিষ্যতে প্রায় এক থেকে দুই কোটি টাকার প্রয়োজন হতে পারে।
অসহায় মা আনিকা বিনতে রহমান উপমা অশ্রুভেজা কণ্ঠে বলেন, "আমার মেয়েটি প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছে। একজন মা হিসেবে সন্তানের এই কষ্ট সহ্য করা যায় না। সমাজের বিত্তবান ও সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমার মেয়েটাকে বাঁচাতে এগিয়ে আসুন।"
বাবা আল্লামা ইকবাল তুসার বলেন, "মেয়ের শ্বাসকষ্ট দেখে প্রতিদিন ভেঙে পড়ি। চিকিৎসার জন্য সবকিছু শেষ করে দিয়েছি। টাকার অভাবে মেয়ের চিকিৎসা থেমে যাবে, এটা একজন বাবার জন্য মৃত্যুর চেয়েও কষ্টের।"
একটি ছোট্ট নিষ্পাপ হৃদয়ের এই লড়াই এখন আর শুধু একটি পরিবারের নয়, এটি আজ মানবতার লড়াই। আমাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহায়তা আবারও নতুন জীবন দিতে পারে ছোট্ট হেনজাকে।
পিডিএস/এমএইউ









































