reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান নতুন উত্তেজনা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানে মার্কিন হামলার জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

বার্তায় আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে যদি নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও বিস্তৃত।

ঘটনার সূত্রপাত : এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের অভ্যন্তরে কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওয়াশিংটনের দাবি, সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে যে হামলা চালানো হয়েছিল, তার পেছনে তেহরান দায়ী এবং সেই হামলার জবাবেই এই মার্কিন সামরিক পদক্ষেপ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ জুন) দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এভার লাভলি'-তে হওয়া হামলার তীব্র নিন্দা জানান। তিনি একে গত ১৭ জুনের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের একটি ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে উল্লেখ করে ইরানকে সতর্কবার্তা দিয়েছিলেন।

হুমকিতে শান্তি চুক্তি ও বিশ্ব জ্বালানি বাজার : গত সপ্তাহে দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছিল। এর ফলে অঞ্চলটিতে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালির নতুন এই সংঘাত এবং তার জেরে চলমান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই শান্তি ও স্থিতিশীলতার আশাকে আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। কারণ বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশই পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। ফলে এই অঞ্চলে নতুন কোনো পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও তীব্র অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়