ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জমি দখলের অভিযোগ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ২৪ শতাংশ জমির মালিকানার বৈধতা নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী ও বিকালে শহরের একটি রেস্তরায় প্রতিপক্ষ এম এম ইউসুফের পরিবারের পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান চৌধুরী দাবি করে বলেন, ২০০৯ সালে তিনি ওই জমি ক্রয় করেন। ওই জমি আগে এম এম ইউসুফের ও তার ভায়েরা কিনেছেন দাবি করে ফরিদপুর আদালতে গত ২০২১ সালে একটি মামলা কারেন। ওই মামলায় প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়ার আগে গত ১৭ জুন বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ জমিতে তার দেওয়া টিনের বেড়া ভেঙ্গে একটি ঘর তোলার জন্য কয়েকটি খুটি গাড়ে।
মিজানুর রহমানের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ফলে তিনি নিজের বৈধ সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার মৌখিক অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। প্রসঙ্গত এম এম ইউসুফ ফরিদপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে বিকেলে এক সংবাদ সন্মেলনে এম এম ইউসুফের বড় ভাই মো. আলী আকবর বলেন, বিরোধীয় ওই জমি ছিল নিচু ভুমি। তারা পরিবারগত ভাবে গত ১৯৯৯ সালে ওই জমি কেনেন। পরে ওই জমিতে লাখ লাখ টাকার মাটি ফেলে ভরাট করে। পরে মিজান চৌধুরী ওই জমির মালিক সাজায় এ বিরোধের সৃষ্টি হয়। এ ব্যাপারে আদালতে মামলা করা হলেও মিজান চৌধুরী সাক্ষ্য দিতে গড়িমসি করায় মামলার চূড়ান্ত ফল পাওয়া এখনো পাওয়া যায়নি।









































