এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাতভর ইউক্রেনের পাঠানো ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে। এটি চলমান যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন হামলার ঘটনা।
শুক্রবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাজধানী মস্কো, দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজভ সাগরসহ এক ডজনেরও বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়। তথ্যটি রাশিয়ার রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ প্রকাশ করা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
তিনি টেলিগ্রামে বলেন, ‘যেসব স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে, সেখানে জরুরি সেবা বিশেষজ্ঞরা কাজ করছেন।’ তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানাননি তিনি।
মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ‘ব্যাপক’ ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ।
তিনি জানান, শেকিনো জেলার একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন।
ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে, বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিচালনার জন্য ক্রেমলিনের গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস দুর্বল করা।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত পঞ্চম বছরে পদার্পণ করেছে। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটে।









































