কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন অফিসার উজ্জ্বল দেবনাথ, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, ইমাম সমিতির সভাপতি হাফেজ এবাদত হোসেন এবং শিক্ষার্থী অংকন ও তানিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।









































