চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চরফ্যাশনে এতিমখানায় বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

এতিম শিশুদের থাকা, খাওয়া ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে বছরে প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা এমন অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মরকাজুল কোরআন হোসাইনিয়া এতিমখানা ও বেগম রহিমা ইসলাম বালিকা এতিমখানাকে ঘিরে। সরকারি নথিতে ৬৬ জন এতিম শিক্ষার্থীর তথ্য থাকলেও সরেজমিনে পাওয়া গেছে মাত্র ৬ জন শিক্ষার্থী। এতে সরকারি বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এতিমখানার ভেতরে গরু পালনের জন্য গোয়ালঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া গত কোরবানির ঈদের গরুর চামড়া একটি শ্রেণিকক্ষের পাশেই ফেলে রাখা রয়েছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা আবুল খায়েরসহ একাধিক ব্যক্তির অভিযোগ, প্রতিষ্ঠান প্রধান মাওলানা ইলিয়াস দীর্ঘদিন ধরে এতিম শিশুদের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ করছেন। তাদের দাবি, সরকারিভাবে অনুদান পাওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বেতন আদায় করা হচ্ছে।

প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী আব্দুল্লাহ ও জুনায়েদসহ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, তাদের প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়া হয় না এবং যে খাবার দেওয়া হয় তার মানও অত্যন্ত নিম্নমানের। পাশাপাশি সরকারি সহায়তা থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে নিয়মিত বেতন নেওয়া হয় বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের টাকার কোনো হিসাব তাদের জানানো হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ দিয়েই শিক্ষকদের বেতন দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেই বেতনও নিয়মিত না দেওয়ার অভিযোগ জানান তিনি।

স্থানীয়দের দাবি, এতিম শিশুদের কল্যাণে বরাদ্দকৃত সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় হলে তাদের জীবনমান আরও উন্নত হওয়ার কথা। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান মাওলানা ইলিয়াসের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উত্তেজিত হয়ে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, এতিম শিশুদের নামে বরাদ্দকৃত সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়