রংপুর ব্যুরো

  ২ ঘণ্টা আগে

প্রিপেইড মিটার স্থাপনে জবরদস্তি ও বিদ্যুৎ বিল বন্ধের প্রতিবাদে নেসকোতে স্মারকলিপি

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ এবং প্রিপেইড মিটার স্থাপনে জবরদস্তির প্রতিবাদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ২টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলীর কাছে এই স্মারকলিপি পেশ করা হয়।

মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এ বি এম মসিউর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকারি আদেশ অনুযায়ী কেবল নতুন সংযোগ বা নষ্ট মিটার প্রতিস্থাপনে স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহারের কথা থাকলেও নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক ভালো পোস্ট-পেইড মিটার অপসারণ করছে। সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট-পেইড মিটারের বিদ্যুৎ বিল দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে, যা চরম স্বেচ্ছাচারিতা। এছাড়া প্রিপেইড মিটারে অতিরিক্ত রিচার্জ ফি কর্তন ও ব্যালেন্স শেষ হওয়ামাত্র আগাম নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার ফলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন, যা বিদ্যুৎ আইন ২০১৮-এর পরিপন্থী।

জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে পোস্ট-পেইড গ্রাহকদের বিল প্রদান চালু রাখা, প্রিপেইড মিটারের অযৌক্তিক ফি প্রত্যাহার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবি জানান নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়