নরসিংদী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নিখোঁজের তিন দিন পর মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত তিন দিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইব্রাহিমকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়