গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বাসন থানার ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া অংশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার তিতাস থানার দাসকান্দি এলাকার ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল এলাকার মো. শরিফ (২৮)।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে ভোগড়া এলাকার একটি ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ইমন শাহরিয়ারের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা এবং মো. শরিফের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা রয়েছে।
পিডিএস/এমএইউ









































