রাঙামাটি (পার্বত্য চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙামাটিতে গৃহবধূ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)। তারা উভয়েই নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জুন রাতে আয়েশা বেগম খুন হওয়ার পর থেকেই পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। নিহত আয়েশা বেগম বরকলের সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুরের রফিজুল হকের স্ত্রী ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে পুলিশ। এ ঘটনায় ২২ জুন নিহত গৃহবধূর ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশি অভিযানে ২৪ জুন সকালে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন দুই আসামি সোহাগ ও ওমর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পলিথিনে মোড়ানো ১ লাখ ৬ হাজার টাকা এবং মাটির নিচে পুঁতে রাখা ৯৩ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, "তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে অত্যন্ত দ্রুততার সাথে আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
পিডিএস/এমএইউ









































