নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’-এর আওতাধীন ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিংকু দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল আহমেদ এবং কিশোর-কিশোরী ক্লাবের সুপারভাইজারবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে এই ক্লাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাল্যবিয়ে রোধ, ইভ টিজিং প্রতিরোধ, মাদক ও জেন্ডারভিত্তিক সহিংসতা দূরীকরণে ক্লাবের সদস্যদের আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়। এ সময় ক্লাবের নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ, আবৃত্তি, সংগীত ও জেন্ডারভিত্তিক সচেতনতামূলক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কিশোর-কিশোরীদের ক্লাবে উপস্থিতি শতভাগ নিশ্চিত করার বিষয়ে সিএমসি কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, "কিশোর-কিশোরীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির প্রত্যেক সদস্যকে তদারকি আরও জোরদার করতে হবে।" তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় করে এই প্রকল্পকে আরও গতিশীল করার তাগিদ দেন। এ সময় তিনি বাল্যবিবাহ রোধে "আত্মপ্রকাশ" থিম বা উদ্যোগের প্রশংসা করে একে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যায়িত করেন।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্লাবের জেন্ডার প্রমোটর, সংগীত ও আবৃত্তি শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































