মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জরুরি সভা

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মঘর বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, মাধবপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফের নজরদারিতে প্রায় ৩০০ নারী-পুরুষকে জড়ো করে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যেকোনো সময় তাদের বাংলাদেশে পুশইনের (অবৈধ অনুপ্রবেশ) চেষ্টা করা হতে পারে। এই আশঙ্কা থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ জোরদার করা হয়েছে।
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এতে আরও বক্তব্য দেন মাধবপুর থানার ওসি সোহেল রানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা থেকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবি ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পিডিএস/এমএইউ









































