কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পণ্যের মান ও ভোক্তা অধিকার-সংক্রান্ত বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং কাউখালী থানা-পুলিশের সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে ‘রিয়াদ স্টোর’কে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে ‘ভাই ভাই মেডিকেল হল’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" এ সময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।
পিডিএস/এমএইউ









































