উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৫ জুন, ২০২৬

উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ছবি : প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা 'নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ' (নারী)-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ (CJRF)-এর আর্থিক সহায়তায় এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর কারিগরি সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. আরিফ। 'নারী' সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা আল ইমরান এবং প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী প্রমুখ। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

সভায় বক্তারা বলেন, "কুড়িগ্রামসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।"

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এই প্রকল্প লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা 'নারী' ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়