রোনালদোদের কলম্বিয়া পরীক্ষা

সর্বশেষ কোপা আমেরিকার ফাইনাল খেলেছে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্ব পার করেছে নির্বিঘ্নে। গ্রুপ পর্বের দুই ম্যাচে জিতে ‘কে’ গ্রুপে শীর্ষে আছে। গ্রুপ সেরা হওয়ার খুব ভালো সুযোগ আছে। দলটির কোচ নেস্তর লরেঞ্জো তাই একটু গলা চড়িয়ে, ভ্রু বাঁকিয়ে দু’কথা বলতেই পারেন। কিন্তু লড়াইটা যে ক্রিশ্চিয়ানো রোনালদোদের বিপক্ষে। আগামী রোববার মায়ামি স্টেডিয়ামে ভোর সাড়ে ৫টায় পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি দুই দলের জন্য নকআউটের মহড়ার ভালো সুযোগও।
কলম্বিয়া কোচ যেমন রোনালদো ও পর্তুগালকে সমীহ করে কথা বলেছেন, তেমনি পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও লাতিনের দলটির ফর্মে থাকা লুইস দিয়াজ, দানিয়েল মুনোজ ও অভিজ্ঞ জেমস রদ্রিগেজকে নিয়ে কৌশল ফাঁদতে ব্যস্ত। পর্তুগালের বিপক্ষে লড়াই নিয়ে লরেঞ্জো যেমন বলেছেন, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়। ইতিহাসের অন্যতম সেরা। তাকে আপনি বক্সের কাছে জায়গা ছাড়তে পারবেন না। শুধু রোনালদো কেন তাদের কাউকে জায়গা দেওয়া যাবে না।’
সংবাদ মাধ্যম ক্রিপ্টো ব্রিফিং দাবি করেছে, কলম্বিয়ার বায়ার্ন মিউনিখ উইঙ্গার দিয়াজের ফর্ম নিয়ে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ চিন্তিত। তিনি দিয়াজকে ‘ডাবল মার্কিংয়ে’ রাখার পরিকল্পনা করেছেন। দিয়াজের গতি, কাট ইন ও পাস নিয়ে পরিকল্পনা ফেঁদেছেন। এমনকি কলম্বিয়ার ম্যাচ এতটাই গুরুত্বের সঙ্গে দেখছেন, রোনালদোকে বিশ্রাম দেওয়ার প্রশ্ন উড়িয়ে দিয়েছেন, ‘ক্লাবে সে সব প্রতিযোগিতায় অংশ নিয়েছে। লিগে অনেক বেশি সময় খেলেছে। তবে সে সতেজ আছে। আমরা ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করব। সব পরিস্থিতি পর্যালোচনা করব। তাকে দরকার হলে অবশ্যই কাজে লাগাতে হবে।’
নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও কলম্বিয়া কোচেরও তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার বিলাসিতার সুযোগ নেই। কারণ ম্যাচটি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার পর্তুগালের বিপক্ষে। জয় বা ড্র করলে শুধু গ্রুপ চ্যাম্পিয়নই হবে না পর্তুগাল, নকআউট পর্বের আত্মবিশ্বাসও পাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষও পাওয়া যাবে। কলম্বিয়ার কোচ পর্তুগাল দল নিয়ে বলেছেন, ‘আমরা অনেক বড় দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা বিশ্বকাপ জয়ের দাবিদার। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। আমরা যাতে জিততে পারি, সেজন্য ভিন্ন ভিন্ন অস্ত্র ব্যবহার করতে হবে।’
কলম্বিয়ার রক্ষণ বেশ শক্তিশালী। লাতিনের আর পাঁচটি দলের মতো শারীরিক ফুটবলেও তারা পিছিয়ে নেই। তবে উচ্চতা নিয়ে সমস্যায় পড়তে পারে। ডিআর কঙ্গোর বিপক্ষে বদলি নেমে ম্যাচের চিত্র বদলে দিয়েছিলেন হুয়ান ফার্নান্দো কুইন্টেরো। সেট পিস ও থ্রু পাসে শক্তিশালী হওয়ায় পর্তুগালের বিপক্ষে তিনি শুরুর একাদশে থাকতে পারেন।
একাদশে পরিবর্তন আনতে পারে পর্তুগালও। উজবেকিস্তানের বিপক্ষে বেনার্ড সিলভা বেঞ্চে ছিলেন। শুরুতে খেলেছিলেন জোয়াও ফেলিক্স। ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে বেনার্ডকে পুনরায় শুরুর একাদশে রাখতে পারেন পর্তুগালের স্প্যানিশ কোচ। শারীরিক উপস্থিতি বাড়াতে রাফায়েল লিওকে শুরুর একাদশে দেখা যেতে পারে। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল যদি হারেও গোল ব্যবধানের কারণে নকআউট নিয়ে দুশ্চিন্তা নেই। তবে কলম্বিয়া হারলে টেবিলের রানার্সআপ হয়ে নকআউট খেলতে হবে তাদের।









































