১১ মাসে এডিপির ৪৮% বাস্তবায়ন, সবচেয়ে কম স্বাস্থ্যে

বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বৃহস্পতিবার(২৫ জুন) এডিপি বাস্তবায়নের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে বরাদ্দের অনুপাতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পেরেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আর সবচেয় কম খরচ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ; ২২ দশমিক ১৫ শতাংশ। চলতি অর্থবছরে এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। তবে বাস্তবায়নের হার প্রত্যাশিত না হওয়ায় গত ১২ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপির আকার ৩০ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, ১১ মাসে সব উন্নয়ন প্রকল্প মিলিয়ে খরচ হয়েছে ১ লাখ ৭৬৩ কোটি ৬৯ লাখ টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম এগারো মাসে ১ লাখ ১১ হাজার ৫ কোটি টাকা টাকা খরচ হয়েছিল। বাস্তবায়নের হার ছিল ৪৯ দশমিক ০৮ শতাংশ।
আইএমইডির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনে রদবদলের ধাক্কায় এডিপি বাস্তবায়নে যে ধীরগতি দেখা দিয়েছিল, তা এখনও চলছে।
সবশেষ মে মাসে ১৪ হাজার ২৪৭ কোটি ৬১ লাখ টাকা খরচ করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। গত অর্থবছরের মে মাসের খরচের অংক ছিল ১৭ হাজার ৫৮০ কোটি ৮৯ লাখ টাকা। আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের গড় বাস্তবায়নের হার ৫৯ দশমিক ০৯ শতাংশ।
এই অর্থবছরের ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকার ৭০ দশমিক ৯৭ শতাংশই বরাদ্দ আছে এসব মন্ত্রণালয় ও বিভাগে।
এর মধ্যে শতকরা হিসাবে সবচেয়ে বেশি ৮৩ দশমিক ৩৩ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ দশমিক ৪৮ শতাংশ ব্যয় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তৃতীয় সর্বোচ্চ ৬৮ দশমিক ৮৩ এক শতাংশ খরচ করেছে কৃষি মন্ত্রণালয়।
এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় ৬৮ দশমিক ৭২ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৬৭ দশমিক ৮১ শতাংশ অর্থ খরচ করেছে। ৪৭ দশমিক ৭৪ শতাংশ খরচ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সেতু বিভাগ খরচ করেছে ৬০ দশমিক ৯৬ শতাংশ; বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করেছে ৫৬ দশমিক ৯২ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ব্যয় করেছে ৫০ দশমিক ২৫ শতাংশ অর্থ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩৫ দশমিক ১৮ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৪৬ দশমিক ২৩ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ৫৫ দশমিক ৯১ শতাংশ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ খরচ করেছে বরাদ্দের ৪৪ দশমিক ৪২ শতাংশ অর্থ।









































