reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মেসিকে আড়াল করার ছক

মুশকিল হলো, মানুষটার নাম যে লিওনেল আন্দ্রেস মেসি! যাঁর ধমনিতে ফুটবলটাই একমাত্র অক্সিজেন, তিনি কি আর ডাগআউটে বসে ট্র্যাকসুট গায়ে অলস সন্ধ্যা কাটাতে ভালোবাসবেন? কানসাস থেকে আর্জেন্টাইন মিডিয়া বন্ধুদের হোয়াটসঅ্যাপ কল বলছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে কোচ স্কালোনি যখন বিশ্রামের প্রেসক্রিপশন লিখছেন, মেসি তখন বুটের ফিতা বাঁধতে বাঁধতে মৃদু হেসে কোচের চোখে চোখ রাখছেন। ওই চিলতে হাসির আড়ালে লুকিয়ে থাকে এক আদিম, ক্ষ্যাপাটে জেদ। তিনি খেলবেন, কিছুক্ষণের জন্য হলেও তিনি মাঠে নামবেন। এই আকাঙ্ক্ষা তো ডালাসেরও। এই মেসি-জাদু দেখার জন্যই তো তিনশ ডলারের টিকিট তিন হাজারেও কিনেছেন অনেকে। কিন্তু নকআউট পর্বের আগে মেসিকে আড়াল করারই তো ডালাস ছক কষেছে আর্জেন্টিনা।

দুই ম্যাচে দলের পাঁচটি গোলের সবকটিই মেসির, তাহলে বাকিরা কোথায়? বাকিদেরও আত্মবিশ্বাস দরকার– এমন ধারণা নাকি স্কালোনির মগজেও ঘুরছে। তাই তাঁর জ্যামিতিক ছকে প্রথম আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ টাইম না পাওয়া রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা রয়েছেন।

শুরুতেই গোলপোস্টের নিচে এমিলিয়ানোর জায়গায় দেখা যেতে পারে হুয়ান মুসোকে। রক্ষণে ক্রিস্টিয়ানো রোমেরোর অনুপস্থিতিতে নিকোলাস ওটামেন্ডিকে শুরু থেকেই রাখবেন স্কালোনি। স্কোয়াড রোটেশন পদ্ধতিতে মাঝমাঠে মার্ক অ্যালিস্টার আর এনজো ফার্নান্দো বিশ্রাম পাবেন। ডিউটি করতে হতে পারে জিওভানি লো সেলসো আর লিয়ান্দ্রো পারদেসকে। লাউতারো মার্টিনেজ টানা দুই ম্যাচে শুরুতে থাকলেও তাঁকে ডাগআউটের চেয়ারে বসে থাকতে হতে পারে। কিশোর প্রতিভা নিকো পাজকেও পর্যাপ্ত ম্যাচ টাইম দিতে পারেন স্কালোনি। আলভারেজ আর জুলিয়ান সিমিওনিকেও আক্রমণের ভার দিতে পারেন কোচ শুরু থেকেই।

আর্জেন্টিনা দলের ভেতরের খবর যিনি খুব ভালো জানেন, সেই আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুলের খবর হলো– মেসিকে আপাতত শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তটা জানানো হয়েছে। তবে এটিও বলে রাখা হয়েছে, যদি গত বিশ্বকাপে সৌদি আরবের মতো পরিস্থিতি হয় জর্ডানের সঙ্গে, তাহলে বুটের ফিতা ডাগআউট থেকেই বাঁধতে হবে তাঁকে। এই ভয় স্কালোনি সেদিন ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ার পরও বলেছেন চেনা সাংবাদিকদের সামনে, ‘এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিট থাকা। যে দলের খেলোয়াড়রা বেশি ফিট থাকতে পারবে, তারাই ভালো করবে। আর আমরা এটি মাথায় রেখেই খেলোয়াড়দের শারীরিক ধকলের ব্যাপারে যত্নশীল আছি। কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। কেননা সামনেই নকআউট পর্বে গুরুত্বপূর্ণ সব প্রতিপক্ষ আসবে।’

আর্জেন্টিনা কোচের ইঙ্গিত বেশ পরিষ্কার। জর্ডান ম্যাচে এনার্জি সেভ করে রাউন্ড অব থার্টিটুর জন্য তা রেখে দাও। নকআউট পর্বের এই রাউন্ডে এসে গ্রুপ এইচ-এর রানার্সআপ উরুগুয়ে অথবা কেপভার্দের মুখোমুখি দেখা যেতে পারে আর্জেন্টিনাকে। জিততে থাকলে রাউন্ড অব সিক্সটিনে কলম্বিয়া-ঘানার মতো দলের সামনে পড়তে পারেন স্কালোনিরা। কোয়ার্টার হতে পারে সেই মহার্ঘ্য ম্যাচ, যেখানে আর্জেন্টিনা-পর্তুগালের সম্ভাব্য ম্যাচে কোনো এক নক্ষত্রের বিদায় দেখবে ফুটবলবিশ্ব। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আসতে পারে সামনে। তাই পরের দুই সপ্তাহের জন্য দলের সেরা একাদশকে তাজা রাখতে চাইছে আর্জেন্টিনা।

তবে প্রতিপক্ষ জর্ডানের কাছে এই ম্যাচ ভীষণ রকমের কাঙ্ক্ষিত। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে তারা। সেখানে অস্ট্রিয়া আর আলজেরিয়ার কাছে তিন আর দুই– মোট পাঁচ গোল খেলেও দুটি গোল করেছে। আসর থেকেও ছিটকে গেছে। তাই মেসিদের সঙ্গে ম্যাচটি তারা স্মরণীয় করে রাখতে চাইবে। ম্যাচটি জর্ডানের ফুটবলের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে দেখছেন কোচ জামাল সেলামি, ‘বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ড্রেসিংরুমে খেলোয়াড়দের মন খারাপ থাকাটাই স্বাভাবিক। তবে আমাদের জন্য এখন আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা এক বিশাল সুযোগ। এটা এমন এক মঞ্চ, যেখানে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জর্ডানের ফুটবলের মর্যাদার যোগ্য একটা বড় ছাপ বিশ্বমঞ্চে রেখে যেতে চাই।’ জর্ডানের এই জেদটার মধ্যে কাতার বিশ্বকাপে সৌদির ছায়া দেখতে পাচ্ছেন স্কালোনি। তাই পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও সতর্ক থাকবে আর্জেন্টিনা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়