কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় র্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কাইমপুর এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে র্যাব-৯ সিলেট সিপিসি-১ এর একটি বিশেষ দল কসবা কামালপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা।
অভিযানকালে কসবা উপজেলা কাইমপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মঈন সরকার (২৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।
এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়, এ ঘটনায় কসবা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































