চাঁদপুর প্রতিনিধি
ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

চাঁদপুর পৌর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু মারা গেছে।
শুক্রবার দুপুরে পুরান বাজার পাঁচ নম্বর খেয়াঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় দুই যুবক তার মরদেহ উদ্ধার করেন। পরে আড়াইশ' শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
নিহত আব্দুল্লাহ রাহাত (১১) মালয়েশিয়াপ্রবাসী হুমায়ূন পাটোয়ারীর মেজ ছেলে। সে পুরান বাজার ২নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।বর্তমানে মধুসূদন স্কুল মাঠের পাশে মানিক লস্করের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে মা ও তিন ভাইসহ বাসাভাড়া থাকত।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে ফুটবল খেলে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে যায় রাহাত। সাঁতার না জানায় রাহাত গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় মামুনসহ আরও কয়েক যুবক নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করেন। এর আগে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে নামে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং তারা মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।
পিডিএস/এমএইউ









































