শাহ্ আলম খান, চাঁদপুর

  ১ ঘণ্টা আগে

চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী সাড়ে ১৭ হাজার 

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট-এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)।

চাঁদপুর জেলায় এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নিবে ১৭ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১৩ হাজার ৭১৭ জন, আলিম ২৬৩২ জন, এইচএসসি (ভোকেশনাল) ২৫৯ জন এবং এইচএসসি (বিএম) ৯৪০ জন।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আট উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৩২টি, আলিম পরীক্ষার কেন্দ্র ১১টি ও এইচএসসি (ভোকেশনাল) কেন্দ্র ৩টি এবং এইচএসসি (বিএম) ছয়টি।

চাঁদপুর সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৪টি, ফরিদগঞ্জে ৪টি, হাজীগঞ্জ উপজেলায় ৭টি, শাহরাস্তি উপজেলায় ৪টি, হাইমচরে ২টি, কচুয়া উপজেলায় ৫টি, মতলব দক্ষিণ উপজেলায় ২টি ও মতলব উত্তর উপজেলায় ৪টি। আলিম পরীক্ষার জন্য সদরে কেন্দ্র ২টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ১টি, শাহরাস্তি ১টি, কচুয়া ১টি, মতলব দক্ষিণ ১টি, মতলব উত্তর ১টি ও হাইমচরে একটি। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য সদরে কেন্দ্র ১টি, হাজীগঞ্জে ১টি ও কচুয়া একটি। এইচএসসি (বিএম) পরীক্ষার জন্য সদর উপজেলায় কেন্দ্র ১টি, ফরিদগঞ্জে ১টি, হাইমচর ১টি , হাজিগঞ্জ ১টি, শাহরাস্তি ১টি ও মতলব দক্ষিণে একটি।

উপজেলা ভিত্তিক চাঁদপুর সদরে এইচএসসি পরীক্ষার্থী ৩৬৮৯, আলিম ৪১৪, এইচএসসি (ভোকেশনাল) ১৮৩ ও এইচএসসি (বিএম) ১১৮ জন। ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ১৭৩১ জন, আলিম ৬৮৮ জন ও এইচএসসি (বিএম) ৭৯জন। হাইমচর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ৫১৯ জন, আলিম ৯১ জন ও এইচএসসি (বিএম) ৫৭ জন। হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ২৮৩০ জন, আলিম ৩৮৮ জন, এইচএসসি (ভোকেশনাল) ৭০ জন এবং এইচএসসি (বিএম) ৫৩৮ জন। শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ১০৮০ জন, আলিম ২৭৯ জন ও এইচএসসি (বিএম) ৭৭ জন। কচুয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ১৬৯১ জন, আলিম ৪৭৮ ও এইচএসসি (ভোকেশনাল) ছয় জন। মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ১২৬৯ জন ও আলিম ১৪৯ জন। মতলব দক্ষিণ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ৯০৮ জন, আলিম ১৪৫ জন ও এইচএসসি (বিএম) ৭১ জন।

ট্রেজারী থেকে প্রশ্নপত্র গ্রহণ ও কেন্দ্রে পৌছানোর জন্য চাঁদপুর জেলা সদরে ৭ জন ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মকর্তাগণের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধনের আট উপজেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে ২৪ জন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষা কেন্দ্রে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারী করবেন।

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ বেষ্টনীর মধ্যে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিবর্গের চলাচল নিষিদ্ধ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়