reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইউরোপের দেশ স্পেনকে। এরই মধ্যে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে শীর্ষস্থান নিশ্চিতের দিন একটি শঙ্কাও পেয়ে বসেছে একবারের চ্যাম্পিয়নদের। দলটি হারাতে পারে তাদের আক্রমণভাগের তারকা ইয়েরেমি পিনোকে।

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের শেষ দিকে ভয়াবহ ট্যাকলে আহত হন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।’ ম্যাচে আগেই নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলেছিল স্পেন। ফলে চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা শেষ করেন পিনো।

নিজের খেলোয়াড়ের সাহসিকতার প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।’

ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়েকে হারিয়ে জয় নিশ্চিত করে স্পেন।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো এখন পর্যন্ত স্পেনের জার্সিতে ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলমান বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।

গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা স্পেন এখন অপেক্ষা করছে শেষ ষোলোর প্রতিপক্ষের। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে।

সূত্র : গ্লোবো স্পোর্টস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়