গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ১ ঘণ্টা আগে

রায়গঞ্জে সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী সড়কের পাশে দীর্ঘদিন ধরে মুরগির পচা বিষ্ঠা স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যানবাহনের চালক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এভাবে মুরগির বর্জ্য ফেলে রাখায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, শালিয়াগাড়ী বাজারের এক ডিম ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার পশ্চিম পাশে মুরগির পচা বিষ্ঠা ফেলে রাখছেন। বর্জ্যের স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই রাস্তার পূর্ব পাশে অবস্থিত ধামাইনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ধামাইনগর ইউনিয়ন পরিষদ এবং একটি মসজিদ। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা গোলজার জানান, গরম আবহাওয়া ও বৃষ্টির সময় মুরগির বিষ্ঠা পচে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। অনেক সময় দুর্গন্ধ আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে শিশু ও বৃদ্ধসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে।

শিক্ষার্থী মিতু ও নাঈম জানায়, প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় শালিয়াগাড়ী বাজার এলাকায় পৌঁছালে তীব্র দুর্গন্ধে তাদের বেশ অসুবিধা হয়। পথচারী হাসান বলেন, স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ ও মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে এভাবে মুরগির বিষ্ঠা ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। তিনি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

অভিযুক্ত ডিম ব্যবসায়ী আলহাজ্ব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ব্যবসার প্রয়োজনে সাময়িকভাবে সেখানে মুরগির বিষ্ঠা রেখেছিলাম। এটি কারও ভোগান্তির কারণ হয়ে থাকলে দ্রুত তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। ভবিষ্যতে যাতে জনসাধারণের কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক থাকব।"

এ বিষয়ে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, উন্মুক্ত স্থানে মুরগির বিষ্ঠা বা খামারের বর্জ্য ফেলে রাখা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ দূষণের শামিল। অভিযোগ পেলে অথবা তদন্তে সত্যতা পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি রাস্তার পাশে এভাবে মুরগির বিষ্ঠা ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, মসজিদ এবং শিক্ষার্থীদের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে মুরগির বর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তাই দ্রুত এসব বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি রাস্তার পাশে মুরগির বিষ্ঠা ফেলতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়