তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে গৌরীপুর স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্পোর্টিং ক্লাব। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরীপুরের গ্রেট সুলতান রেস্টুরেন্টে আলোচনা সভা ও ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক ও ক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির।

২০০৬ সালে প্রতিষ্ঠিত গৌরীপুর স্পোর্টিং ক্লাব এর আগেও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করেছে। ক্লাব সূত্রে জানা গেছে, এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৫টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো, গৌরীপুর স্পোর্টিং ক্লাব, যাত্রাবাড়ী ঝটিকা সংসদ, কল্লোল সংঘ, বিক্রমপুর কিংস, পূর্বাচল পরিষদ, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কিংস্টার স্পোর্টিং ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি, টঙ্গী ক্রীড়া চক্র, বিজি প্রেস এসঅ্যান্ডআরসি, চকবাজার কিংস, ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ এবং খিলগাঁও ফুটবল একাডেমি। এবারের আসরে প্রায় ৫২০ জন তরুণ ফুটবলার অংশ নেবেন বলে জানা গেছে।

তরুণ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ফুটবল অঙ্গনের পাশাপাশি গৌরীপুর স্পোর্টিং ক্লাব পরিবারেও ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলাম বলেন, ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে সঙ্গী করে আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়া নতুন মৌসুমে মাঠ কাঁপাতে প্রস্তুত আমাদের খেলোয়াড়রা। ক্লাবের সব শুভাকাঙ্ক্ষী, সমর্থক, শুভানুধ্যায়ী ও ফুটবলপ্রেমীদের দোয়া কামনা করছি।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গৌরীপুর স্পোর্টিং ক্লাব স্থানীয় পর্যায়ে বৃহত্তর দাউদকান্দির ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়