ভালুকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মহড়া, এলাকায় আতঙ্ক

ময়মনসিংহের ভালুকায় এসকিউ কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জুন) উপজেলার জামির দিয়া এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, এসকিউ ইন্ডাস্ট্রিজের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকরা কারখানার আশপাশে দফায় দফায় মহড়া ও স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। যেকোনো মুহূর্তে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
ভুক্তভোগী বিএনপি নেতা মোর্শেদ আলম অভিযোগ করেন, তার প্রতিষ্ঠান 'এইচ. আর. কে.এম এন্টারপ্রাইজ' দীর্ঘ ২৩ বছর ধরে ওই কারখানায় বৈধভাবে ব্যবসা করছে। বৈধ ওয়ার্ক অর্ডার থাকা সত্ত্বেও নির্বাচনের পর থেকে এমপির নির্দেশে ও প্রশাসনের হস্তক্ষেপে তাকে মালামাল বের করতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া তাকে দুটি মিথ্যা মামলায় আসামি করে তার কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল করেছে। কারখানা বা ঝুট ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে তার কিছু জানা নেই।
পিডিএস/এমএইউ









































