মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তেলিয়াপাড়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, বিজিবির পাশে গ্রামবাসী ও চা-শ্রমিকরা

ছবি : প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক পুশব্যাক) একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঠিক কতজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, এই সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও বিজিবিকে সহযোগিতা করেন। পরে শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থানরত ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “পুশইনের খবর পেয়ে গ্রামের মানুষ ও চা বাগানের শ্রমিকরা বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি।”

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ সফল হতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়