ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে "মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধে সমাধান" এবং পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে" স্লোগানে মাদক বিরোধী র্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি মাদক বিরোধী র্যালী বের হয়ে বালারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচি পালন শেষে একই ইউনিয়নের ফুলমতি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, বিডিয়ার বাজার, আনন্দবাজার, নাওডাঙ্গা বকুলতলা বাজারে মাদক বিরোধী র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি সমূহে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য অলিউর রহমান নয়নের সঞ্চালনায় বক্তব্য দেন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মুসাব্বির আলী মুসা, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মজিবর রহমান বাবুসহ মাদক প্রতিরোধ কমিটির অন্যান্যরা।
নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি আয়োজিত আজকের কর্মসূচিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।









































