সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মুজাহিদুল ইসলাম, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় এলাকার প্রান্তিক কৃষক ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ, বনজ এবং ওষধি গাছের চারা বিতরণ করা হয়। এই কর্মসূচির অধীনে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক সুবিধাভোগীকে ৫টি ভিন্ন প্রজাতির গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি করে গোবর সার বা জৈব সার দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হলে ভবিষ্যতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “ফলজ ও বনজ গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলা গড়ার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আমি সবাইকে বিতরণকৃত চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানাই।”

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকরা বলেন, এই ধরনের সরকারি সহায়তা গ্রামীণ অঞ্চলের সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়