reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মেধা ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একটি স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মের মেধা, আধুনিক প্রযুক্তি এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নকে সমন্বিত করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শহর ও হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন। ব্যস্ত এই সফর শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

চুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা: সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "চুয়েটে পড়ার সুযোগ পাওয়া মানেই দেশের মেধার সেরা অংশীদার হওয়া। বিশ্বমঞ্চে গুগল, অ্যামাজন, টেসলা ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা আজ উজ্জ্বল নক্ষত্র। জীবনের এই নতুন অধ্যায়ে শিক্ষার্থীদের গবেষণামুখী ও মাদকমুক্ত থাকার আহ্বান জানাচ্ছি।"

ডিজিটাল ভূমি সেবা ও দেশীয় প্রযুক্তি: ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের চিত্র তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল জানান, বর্তমান সরকারের প্রচেষ্টায় ভূমি সেবার সিংহভাগই এখন ডিজিটাল। 'ভূমি অ্যাপ', 'ই-পর্চা' ও মাঠপর্যায়ের তদারকিতে 'ভূমি দৃষ্টি' অ্যাপ ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের এসব সফটওয়্যার শতভাগ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরি করেছেন চুয়েটেরই একজন শিক্ষার্থী।

নৈতিকতা ও দূরদর্শী উন্নয়নের দর্শন: চট্টগ্রাম নূরানী তালিমুল কোরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। সুনাগরিক গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

পরে সিভাসু রিসার্চ ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। গ্রামীণ অর্থনীতি ও সবুজ বিপ্লবের যে ধারা তিনি শুরু করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা।

তৃণমূল পর্যায়ে সুষম উন্নয়ন: দিনশেষে হাটহাজারীর ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূল দর্শন হলো দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া। তৃণমূলের মানুষের দোরগোড়ায় আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি টেনে মাঠপর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী এবং সর্বস্তরের জনসাধারণকে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়